স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

প্রকাশঃ Sep 30, 2026 - 20:37
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের সরকার হিসেবে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে। যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তারা এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের কলঙ্ক বিএনপি নেবে না। নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।

বিরোধী দলের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিরোধী দল যেকোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে এটাই স্বাভাবিক। অভিযোগ সঠিক কিংবা বেঠিক যাই হোক, সরকারের কোথায় ব্যর্থতা রয়েছে তা জনগণই বিবেচনা করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কুড়িগ্রামে সার সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দেশের যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সার সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। তাঁর দাবি, কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াত এবং একটিতে এনসিপির সদস্য নির্বাচিত হওয়ায় ওই এলাকাগুলোতে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সারের সংকট নিয়ে আন্দোলন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সচেতন রয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জ্বালানি সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধানে আরও কিছু সময় প্রয়োজন হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।

এ ছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

-স্বাধীন/এমএ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম
লোগো
Sep 30, 2026

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta