বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।
বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৫৬.৫৫ ডলারে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছিল।
প্রতি ডলারের দাম প্রায় ১২২ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। সে হিসাবে প্রতি গ্রাম স্বর্ণের দাম প্রায় ১৭ হাজার ১০০ টাকা।
এক ভরি স্বর্ণের ওজন ১১.৬৬৪ গ্রাম। সেই হিসাবে আন্তর্জাতিক বাজারে এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা। অর্থাৎ আন্তর্জাতিক স্পট মূল্যের হিসাবে বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ২ লাখ টাকা।
তবে এটি কেবল আন্তর্জাতিক স্পট মূল্যের ভিত্তিতে করা হিসাব। বাংলাদেশে স্বর্ণ কিনতে গেলে ডলারের বিনিময় হার, ভ্যাট, মজুরি বা মেকিং চার্জসহ বিভিন্ন খরচ যুক্ত হওয়ায় স্থানীয় বাজারে বিক্রয়মূল্য এর চেয়ে বেশি হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসা স্বর্ণের দামের জন্য ইতিবাচক। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি নিয়েও বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে।
ফেডের ফেডারেল ওপেন মার্কেট কমিটির জুলাইয়ের বৈঠকের কার্যবিবরণী বুধবার প্রকাশ হওয়ার কথা। এতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সুদের হার নিয়ে কী ধরনের আলোচনা করেছেন, সে বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে।
সাধারণত সুদের হার কমলে স্বর্ণ ধরে রাখার সুযোগ-খরচ কমে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বাড়ে এবং এর দামও ঊর্ধ্বমুখী হতে পারে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এফএক্সটিএমের গবেষণা বিভাগের প্রধান লুকমান ওতুনুগার মতে, স্বর্ণের দাম ৪ হাজার ৩৯০ ডলারের ওপরে স্থায়ীভাবে উঠতে পারলে তা ৪ হাজার ৫০৫ ডলারের দিকে যেতে পারে।
অন্যদিকে দাম ৪ হাজার ৩০০ ডলারের নিচে নেমে গেলে ৪ হাজার ২০০ এবং পরে ৪ হাজার ১৫০ ডলারের দিকে নামার সম্ভাবনা রয়েছে।
স্বর্ণের বাজারে ভূরাজনৈতিক পরিস্থিতিরও বড় প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালি খোলা রয়েছে।
তবে ইরান এর বিপরীত দাবি করেছে। দেশটির বক্তব্য, গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাবে তেলের দামও টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বর্ণ ও তেল উভয় বাজারেই অনিশ্চয়তা বাড়াচ্ছে।
সূত্র: রয়টার্স
-স্বাধীন/ এমএ
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

