নেই আটকে যাওয়ার ভয়, এবার এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা
এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে অনেক সময় কার্ড আটকে যাওয়ার ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। এ সমস্যা সমাধানে দেশে চালু হয়েছে স্পর্শহীন বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির এটিএম সেবা। বেসরকারি খাতের সিটি ব্যাংক নতুন এই সুবিধা চালু করেছে। তাদের এটিএম বুথে পাওয়া যাবে এ সেবা। তবে সুবিধাটি ব্যবহার করতে পারবেন সব ব্যাংকের গ্রাহক।
এর ফলে এখন থেকে এটিএম বুথে কার্ড প্রবেশ না করিয়ে শুধু স্পর্শ (ট্যাপ) করেই টাকা তোলা, জমাসহ অন্যান্য ব্যাংকিং লেনদেন করা যাবে। এ জন্য প্রয়োজন হবে এনএফসি প্রযুক্তি সমর্থন করে এমন এটিএম কার্ড। বর্তমানে প্রায় সব ব্যাংকই এ প্রযুক্তিসম্পন্ন কার্ড দিচ্ছে। বাংলাদেশে সিটি ব্যাংকই প্রথম এই প্রযুক্তির এটিএম এনেছে বলে দাবি করেছে ব্যাংকটি।
যেভাবে কাজ করে
প্রচলিত এটিএম বুথে প্লাস্টিক কার্ড মেশিনের নির্দিষ্ট স্লটে প্রবেশ করিয়ে পিন নম্বর দিতে হয়। এ ব্যবস্থায় বিভিন্ন কারণে অনেক সময় কার্ড আটকে যায়। বিশেষ করে এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের এটিএমে ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি বেশি থাকে।
এনএফসি প্রযুক্তির এটিএম বুথে কার্ড ভেতরে প্রবেশ করানোর প্রয়োজন নেই। বুথের নির্ধারিত স্থানে কার্ডটি স্পর্শ করালেই মেশিন গ্রাহককে শনাক্ত করতে পারে। এরপর পিন নম্বর দিলেই দ্রুত ও নিরাপদে লেনদেন সম্পন্ন করা যায়।
সিটি ব্যাংক ইতোমধ্যে নতুন এই প্রযুক্তির ৭০-৮০টি এটিএম স্থাপন করেছে। ভবিষ্যতে নতুন এটিএম স্থাপন বা পুরোনো এটিএম পরিবর্তনের সময় এনএফসি প্রযুক্তির বুথ স্থাপন করবে ব্যাংকটি।
সিটি ব্যাংকের এটিএম নেটওয়ার্কে এই সেবা যুক্ত হলেও এর সুবিধা পাবেন দেশের যেকোনো ব্যাংকের গ্রাহক। কারণ, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার মাধ্যমে এখন এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করতে পারেন। এ জন্য প্রতি লেনদেনে অতিরিক্ত ১৫ টাকা গুনতে হয়।
কী সুবিধা হবে
অনেক সময় বিদ্যুৎ চলে যাওয়া বা যন্ত্রের ত্রুটির কারণে এটিএম মেশিনের ভেতরে কার্ড আটকে যেত। স্পর্শহীন প্রযুক্তিতে কার্ড মেশিনের ভেতরে প্রবেশ করাতে হয় না। ফলে কার্ড আটকে যাওয়া বা খোয়া যাওয়ার ঝুঁকিও থাকে না।
প্রচলিত এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ থেকে তথ্য চুরির আশঙ্কা থাকে। এনএফসি প্রযুক্তিতে কার্ড সরাসরি সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। ফলে কার্ড ক্লোনিং বা তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমে আসে বলে দাবি করছেন সিটি ব্যাংকের কর্মকর্তারা।
তারা আরও জানান, কার্ড রিড হওয়া থেকে শুরু করে লেনদেন শেষে কার্ড বের করার অতিরিক্ত সময়ও বাঁচাবে এই প্রযুক্তি। ফলে গ্রাহকের লেনদেনের সময় কমে আসবে। বারবার মেশিনে প্রবেশ করানোর কারণে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ ও ইএমভি চিপ ক্ষয় হয়ে যেতে পারে। নতুন এই ব্যবস্থায় কার্ড মেশিনে প্রবেশ করাতে না হওয়ায় তা তুলনামূলকভাবে অক্ষত থাকবে।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার গণমাধ্যমকে বলেন, ‘গ্রাহকদের সুবিধার্থে নতুন এই প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা এটিএমে কার্ড না প্রবেশ করিয়ে স্বচ্ছন্দে ও দ্রুত লেনদেন করতে পারবেন।’
নেই আটকে যাওয়ার ভয়, এবার এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা

