এনডিটিভির প্রতিবেদন
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের তারিখ ২২ বা ২৩ আগস্ট হতে পারে। তবে এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সম্ভাব্য সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে।
সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের ক্ষেত্রেও সফরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য দুই দিনের সফরটি দ্বিপক্ষীয় সফর হিসেবেই পরিকল্পনা করা হচ্ছে। গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার।
এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ওই আয়োজনে তিনি অংশ নেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।
গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যেও ব্রিকস সম্মেলনের চেয়ে দ্বিপক্ষীয় সফরকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
ঢাকার সরকারি সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর নিয়ে নীরবে প্রস্তুতি এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকও সফরের বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির ওপর সফরের বিষয়টি নির্ভর করছে বলে জানান তিনি।
-স্বাধীন দিগন্ত/ এমএ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

