প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ, ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস

প্রকাশঃ Aug 20, 2026 - 16:49
প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ, ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) বিশেষ মর্যাদা দেওয়াসহ শিক্ষা, গবেষণা ও বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আগামী জানুয়ারিতে সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণও গ্রহণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি, চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, অ্যালামনাই নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান উপাচার্য। পাশাপাশি গবেষণা তহবিল বৃদ্ধি, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তির মতো আধুনিক বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়নেও সরকারের সহায়তা কামনা করেন তিনি।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম আরও জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

উপাচার্যের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক অবস্থানে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিকতা এবং শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

-স্বাধীন/ এমএ

প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ, ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস
লোগো
Aug 20, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ, ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta