২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের একই তারিখে রমজান শুরু হয় না। হিজরি বা চন্দ্রবছর সৌরবছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন কম হওয়ায় প্রতিবছরই রমজান প্রায় ১০-১১ দিন করে এগিয়ে আসে।
জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে। তবে অন্যান্য বছরের মতো এবারও রোজা শুরুর বিষয়টি চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।
হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই বিশ্বের বিভিন্ন স্থানে মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রথম রোজা।
চাঁদ দেখার ওপর নির্ভর করবে রমজান ২৯ দিনে শেষ হবে, নাকি ৩০ দিন পূর্ণ হবে। সবকিছু ঠিক থাকলে এবং শাওয়ালের চাঁদ দেখা গেলে ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলাম ধর্মের নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কুরআন নাজিল শুরু হয়।
রমজানজুড়ে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থেকে রোজা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। পাশাপাশি দান-সদকা, নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে মাসটি অতিবাহিত করেন তারা।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাঁদের অবস্থান ও উদয়ের সময় অত্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হলেও ইসলামী ঐতিহ্য অনুযায়ী চাঁদ দেখার পরই ধর্মীয় কর্তৃপক্ষ রোজা ও ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে থাকে।
রমজান শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে ধর্মীয় ও সামাজিক প্রস্তুতি শুরু হয়েছে।
সূত্র: গালফ নিউজ
-স্বাধীন/এমএ
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

