এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমন্বয় সভা করেছে এনসিপি। সভায় দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া আওয়ামী লীগের পলাতক ও পতিত নেতাকর্মীদের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থাকার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন নাহিদ ইসলাম।
সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, আগে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।
এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
-স্বাধীন/এমএ
ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

