নতুন পে স্কেলে গ্রেডভেদে সবার জন্যই কমছে বাড়ি ভাড়া ভাতা

প্রকাশঃ Sep 15, 2026 - 14:08
নতুন পে স্কেলে গ্রেডভেদে সবার জন্যই কমছে বাড়ি ভাড়া ভাতা

নতুন জাতীয় বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বিভিন্ন ভাতায় বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এতে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা থাকলেও গ্রেড অনুযায়ী বাড়িভাড়া ভাতার হার কমানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি বয়সভেদে চিকিৎসা ভাতা বৃদ্ধি, সব গ্রেডে মোবাইল ভাতা চালু এবং যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কমানো হচ্ছে বাংলা নববর্ষের ভাতার পরিমাণ।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো-২০২৬ এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। মন্ত্রিসভার ওই বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন বেতন কাঠামোয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার একই থাকছে না। উচ্চতর গ্রেডে ইনক্রিমেন্টের হার কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ গ্রেড যত ওপরে যাবে, বার্ষিক বেতন বৃদ্ধির হারও তত কম হবে।

জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছিল। তবে সচিব কমিটি সেটি কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামোয় প্রথম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অষ্টম ও নবম গ্রেডে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হারও কমানো হয়েছে। এই দুই গ্রেডে কমিশন প্রারম্ভিক মূল বেতন ১০৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করলেও সচিব কমিটি তা কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব দেয়। অন্য গ্রেডগুলোর ক্ষেত্রে কমিশনের প্রস্তাবিত প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার বহাল রাখা হয়েছে।

নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করা হবে এবং পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে। বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন কমছে বাড়িভাড়ার হার

জাতীয় বেতন কমিশন-২০২৫-এর প্রস্তাব পর্যালোচনার সময় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়েছে সচিব কমিটি। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতনের ব্যবধানও পর্যালোচনা করা হয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে কমিশনের প্রস্তাবে কিছুটা পরিবর্তন এনে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। তবে ২০টি গ্রেড রাখা এবং ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব অপরিবর্তিত রয়েছে।

ঢাকায় বাড়িভাড়া হবে ৪০-৬০ শতাংশ

২০১৫ সালের বিদ্যমান পে স্কেল অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীরা গ্রেড অনুযায়ী মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পেয়ে থাকেন। নতুন পে স্কেলে এ হার কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

তবে বাড়িভাড়ার শতকরা হার কমলেও গ্রেডভেদে মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বাড়ানোর কারণে প্রকৃত অর্থে বাড়িভাড়া ভাতার পরিমাণ বেড়ে যেতে পারে।

বর্তমানে ঢাকা সিটি করপোরেশনের বাইরে অন্যান্য সিটি করপোরেশন এলাকা ও সাভার উপজেলায় গ্রেডভেদে মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় এসব এলাকায় এ হার ৩০ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

অন্যদিকে ঢাকা, অন্যান্য সিটি করপোরেশন এবং সাভার উপজেলার বাইরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বর্তমানে মূল বেতনের ৩৫ থেকে ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। নতুন বেতন কাঠামোয় এ হার কমিয়ে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

-স্বাধীন/এমএ

নতুন পে স্কেলে গ্রেডভেদে সবার জন্যই কমছে বাড়ি ভাড়া ভাতা
লোগো
Sep 15, 2026

নতুন পে স্কেলে গ্রেডভেদে সবার জন্যই কমছে বাড়ি ভাড়া ভাতা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta