গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আও'য়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ওই সময় পুলিশ বিষয়টি আঁচ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করে। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনাও ঘটছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কিছু অপতৎপরতা মাঝেমধ্যে দৃশ্যমান হয়। ফজরের নামাজের পর তারা দুই-একটি মিছিল করে ভিডিও-টিডিও করে। অল্পসংখ্যক লোক নিয়ে এসব মিছিলের বিষয়টি আমরা দেখেছি।’
গুলশানে মিছিলের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিনের বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।’
গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নাই। আমরা পরবর্তীতে ব্যবস্থা নিয়েছি, সেটা আপনারা জানেন।’
উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন।
ঘটনাটি নিয়ে পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
-স্বাধীন/এস
গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

