গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ওই এলাকায় অভিযান চালিয়ে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান শুরু করে এসআরবি। অভিযানের একপর্যায়ে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাঠটিতে অভিযান চালানো হয়। এ সময় ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
এদিকে, বিস্ফোরক উদ্ধারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।
তবে এসব বিস্ফোরক সেখানে কীভাবে এল বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।
-স্বাধীন/এমএ
গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

