১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বৈঠকটি হবে -এ বিষয়ে ‘১২০ শতাংশ নিশ্চিত’, তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, এখনো মাস বা তারিখ কোনো কিছুই নির্ধারণ করা হয়নি। তবে তিনি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। এ ক্ষেত্রে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে ভারত চায়, যত দ্রুত সম্ভব সুবিধাজনক সময়ে দুই দেশের সরকারপ্রধানের সাক্ষাৎ হোক।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্কের নানা চ্যালেঞ্জ থাকলেও প্রধানমন্ত্রীর ভারত সফরের মাধ্যমে অনেক বিষয় সমাধানের পথ তৈরি হতে পারে।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।
দীনেশ ত্রিবেদীর মতে, দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বা ‘ইন্টারডিপেনডেন্স’ আরও বাড়ানো প্রয়োজন।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর কিংবা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।
-স্বাধীন/এমএ
১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: ভারতীয় হাইকমিশনার

