বন্যাদুর্গত চট্টগ্রামের তিন উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বন্যাদুর্গত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ওই দিন চট্টগ্রাম সফরে গিয়ে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারের জন্য সরকারি সহায়তায় নির্মিত নতুন বাড়িও হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে তিন উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ করেছে স্থানীয় প্রশাসন। সফরের সময় তিনি পুনর্নির্মিত এসব বাড়ির চাবি উপকারভোগীদের হাতে তুলে দেবেন।
এ ছাড়া সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। তার অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাডও প্রস্তুত করা হচ্ছে। বাঁশখালীর পশ্চিমাঞ্চলে সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়িও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তাকে ও দলের সদস্যসচিবকে গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়েছে। সফরকে ঘিরে দলীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিক সফরসূচি হাতে পাওয়ার পর সে অনুযায়ী সব ব্যবস্থা সম্পন্ন করা হবে।
বন্যাদুর্গত চট্টগ্রামের তিন উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

