এলপিজি মজুত ও অতিরিক্ত দামে বিক্রিতে সতর্কবার্তা

প্রকাশঃ Oct 1, 2026 - 16:29
এলপিজি মজুত ও অতিরিক্ত দামে বিক্রিতে সতর্কবার্তা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি কিংবা অবৈধভাবে মজুত করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশে এলপিজির সরবরাহ ও বাজারমূল্য নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে দেশে এলপিজির সরবরাহ পর্যাপ্ত ও সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত সেপ্টেম্বর মাসে ১ দশমিক ৫৬ লাখ টন এবং আগস্টে ১ দশমিক ৫৮ লাখ টন এলপিজি আমদানি হয়েছে, যা দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। তাই বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই বলে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করলে কিংবা নিয়মবহির্ভূতভাবে এলপিজি মজুত করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং এলপিজি বাজার স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে লোয়াব।

-স্বাধীন/এমএ

এলপিজি মজুত ও অতিরিক্ত দামে বিক্রিতে সতর্কবার্তা
লোগো
Oct 1, 2026

এলপিজি মজুত ও অতিরিক্ত দামে বিক্রিতে সতর্কবার্তা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta