সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল হাসিনার নির্দেশে: তদন্ত সংস্থা
২০১৫ সালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে গুম করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্তে শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল বলে তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৮ আগস্ট) বিষয়টি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত দ্রুত শেষ করে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে।
চিফ প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিদের নিয়েও তদন্ত চলছে। এরই মধ্যে তদন্ত কর্মকর্তা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের বক্তব্যেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।
তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, সালাহউদ্দিন আহমদকে গুম, টিএফআই সেলে আটকে রাখা এবং পরবর্তী সময়ে তাকে ভারতে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল হাসিনার নির্দেশে: তদন্ত সংস্থা

