রাষ্ট্রপতি নির্বাচন

চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

প্রকাশঃ Aug 11, 2026 - 13:11
চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিন বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এক কর্মকর্তা বলেন, ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, একাধিক প্রার্থী হলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

শেষ পর্যন্ত দুজন প্রার্থী থাকলে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেছিলেন। তবে সেই নির্বাচনে জাতীয় পার্টি, জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা ভোটদান থেকে বিরত ছিলেন।

বিগত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এবারও তেমনটাই হবে বলে অনেকে ধারণা করেছিলেন। তবে রোববার জামায়াত জোট প্রার্থী ঘোষণা করার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।

এ নিয়ে সোমবার (১০ আগস্ট) অনির্ধারিত বৈঠকও করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসিসহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

-স্বাধীন দিগন্ত/ এমএ

চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি
লোগো
Aug 11, 2026

চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta