মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ জন, আলোচনায় যাদের নাম

প্রকাশঃ Aug 14, 2026 - 16:06
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ জন, আলোচনায় যাদের নাম

বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। আগামী ১৭ আগস্ট বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হবে। এ সময়কে সামনে রেখে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড, মন্ত্রীদের কর্মদক্ষতা ও বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।

এই পর্যালোচনার পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জন থাকলেও বিএনপির একাধিক সূত্র বলছে, আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। বরং সরকারের কাজের গতি বাড়াতে এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তা করা হচ্ছে।

এ ক্ষেত্রে বর্তমান কাঠামো মোটামুটি অপরিবর্তিত রেখে নতুন চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার আলোচনা চলছে বলে জানা গেছে। বিষয়টি বাস্তবায়নের পুরো এখতিয়ার প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য।

আলোচনায় থাকা চারজন হলেন—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সেলিমা রহমান এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ এমপি, কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শহিদুল ইসলাম বাবুল এমপি এবং ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন এমপি।

গত ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। ওই সময় তুলনামূলক বড় পরিসরে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হলেও কয়েকজন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

অর্থ ও পরিকল্পনা, মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ, শিল্প-বাণিজ্য-বস্ত্র ও পাট, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ এবং সড়ক-রেল-নৌপরিবহনসহ কয়েকটি খাতে একাধিক দায়িত্ব রয়েছে। ফলে প্রশাসনিক চাপ কমাতে এবং নীতিনির্ধারণে আরও মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করতে নতুন মুখ যুক্ত করার বিষয়টি সামনে এসেছে।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কাউকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ১৮০ দিনের কর্মসূচির মূল্যায়নের পর কোন মন্ত্রণালয়ে কী ধরনের ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব বণ্টনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ প্রথম ধাপে বড় কোনো ‘রদবদল’ নয়, বরং সীমিত পরিসরে ‘অ্যাডজাস্টমেন্ট’ হতে পারে।

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এর বাইরে নির্ধারিত উপদেষ্টা ও বিশেষ সহকারীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৮০ দিনের কর্মসূচির মূল্যায়ন করা হবে। ভবিষ্যতে মন্ত্রিসভায় কোনো পরিবর্তন প্রয়োজন হলে প্রধানমন্ত্রী নিজের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং তাঁর সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানাবেন।

-স্বাধীন দিগন্ত/ এমএ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ জন, আলোচনায় যাদের নাম
লোগো
Aug 14, 2026

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ জন, আলোচনায় যাদের নাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta