শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালু করা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশঃ Aug 18, 2026 - 20:07
শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালু করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতনকাঠামোর প্রয়োজন রয়েছে।

শিক্ষকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার দীর্ঘমেয়াদে চিন্তা করছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব আসায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য এমন একটি স্বতন্ত্র পে-স্কেল করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। শিক্ষকদের মর্যাদা ও অবদানের সঙ্গে অন্য কোনো পেশার তুলনা করা উচিত নয়।

তিনি আরও বলেন, শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর। তাই তাদের বেতন-ভাতার পাশাপাশি পেশাগত সম্মান ও জীবনমান নিশ্চিত করাও জরুরি।

শিক্ষক সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষক প্রয়োজন। দীর্ঘদিনের আইনি মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে বিভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত হলেও এখন দ্রুত শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

এ ছাড়া দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও জীবনমুখী শিক্ষার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

-স্বাধীন/ এমএ

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালু করা হবে: শিক্ষামন্ত্রী
লোগো
Aug 18, 2026

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালু করা হবে: শিক্ষামন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta