দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারের জন্য মনোনয়ন পাঠাতে বলা হয়েছে। আগামী ১ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্টদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রসহ মোট ১৩টি ক্ষেত্রে অসামান্য ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ দেওয়া হবে।
এ পুরস্কারের মনোনয়নসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে নির্ধারিত ছকে মনোনয়ন প্রস্তাব তৈরি করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মনোনয়ন সংশ্লিষ্ট কাগজপত্রসহ পাঠাতে হবে।
প্রস্তাবের মোট ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মনোনয়ন প্রস্তাবের হার্ডকপি ও সফটকপি Nikosh ফন্টে (ই-মেইল: sas_s4@moedu.gov.bd অথবা ডি-নথিতে) পাঠাতে বলা হয়েছে।
-স্বাধীন/এমএ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

