আগের পদ্ধতিই বহাল থাকছে এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগে
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগে আগের পদ্ধতিই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক এই তিন ধাপেই নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে। এ বিষয়ে সংশোধিত পরিপত্র জারির উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদনের জন্য শিগগিরই তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুমোদনের বিষয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার পর সরাসরি মৌখিক পরীক্ষা না নিয়ে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা এই তিন ধাপে পরীক্ষা নেওয়ার বিষয়ে মতামত দেওয়া হয়।
সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় কিছু পরিবর্তন এনে পরিপত্রের সংশোধিত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সভা সূত্র জানিয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ১১টায় এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগে সুপারিশের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারি এবং নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুমোদনের লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিও মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। বেল বাটনে ক্লিক করলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।
-স্বাধীন/এমএ
আগের পদ্ধতিই বহাল থাকছে এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগে

