লাল কার্ড দেখিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশঃ Sep 26, 2026 - 17:54
লাল কার্ড দেখিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কর্মসূচিও পালন করেন তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। গ্রাফিতিতে বিভিন্ন প্রতিবাদী বক্তব্য তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—‘ফরমান জারি করে খোলা যায় দ্বার?’, ‘উই আর দ্য ওয়ান’ এবং ‘আজ যদি স্তব্ধ করো প্রতিবাদের উচ্চারণ, কাল তা-ই হয়ে উঠবে দুর্বার গণজাগরণ’।

পরে দুপুর আড়াইটার দিকে নতুন উপাচার্যের অনলাইনে যোগদানের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। লাল কার্ড হাতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন তারা।

সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’, ‘রেড কার্ড রেড কার্ড, অনলাইন ভিসিকে রেড কার্ড’, ‘অনলাইন ভিসিকে মানি না, মানব না’ এবং ‘প্রত্যাখ্যান প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দেন।

‘অনলাইনে যোগদান প্রত্যাখ্যান করছি’

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, নতুন উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ৩০-৩৫ জনের আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন। অথচ প্রতিটি হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন।

তার বক্তব্য ও অনলাইনে যোগদানের সিদ্ধান্তকে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছেন বলে জানান তিনি।

পঞ্চম দিনেও শাটডাউন

নতুন উপাচার্য নিয়োগের পর পাঁচ দিন পেরিয়ে গেলেও তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে আসেননি। শনিবার তার ক্যাম্পাসে আসার গুঞ্জনে শিক্ষার্থীরা রাতভর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন।

এদিন টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বৃহস্পতিবার শিক্ষক সমিতি এবং শুক্রবার কর্মকর্তা সমিতি পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেয়।

শনিবার এক জরুরি সভায় চুয়েট কর্মচারী সমিতিও কর্মবিরতির ঘোষণা দিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


-স্বাধীন/এস

লাল কার্ড দেখিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
লোগো
Sep 26, 2026

লাল কার্ড দেখিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta