এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে দায়িত্বে অবহেলা করা শিক্ষকদের জবাবদিহির আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসির খাতা চ্যালেঞ্জ করে ৩০৭৯ শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। তাহলে প্রশ্ন ওঠে—এত কীভাবে বাড়ল? এখন কি এসব পরীক্ষককে জবাবদিহির মধ্যে আনতে হবে না? যেসব শিক্ষক পরীক্ষক খাতা যথাযথভাবে মূল্যায়ন করেননি, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।’
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বই সময়মতো বিতরণ নিশ্চিত করতে কাজ চলছে। দায়িত্ব নেওয়ার সময় শিক্ষা খাতের অবস্থা বেশ নাজুক ছিল উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিতে বিভিন্ন ক্ষেত্র জর্জরিত অবস্থায় তারা দায়িত্ব নিয়েছেন এবং সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর সেশনজট থাকবে না। আমি চাই, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরবর্তী ফলাফলও ভালো হোক। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যেন বেকার না থাকে। একই সঙ্গে ক্লাসরুম মনিটরিং করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম আধুনিকায়ন করতে হবে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নতুন কোর্স চালু করা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’
ল কলেজের অতিরিক্ত ফি আদায়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয় প্রচুর আয় করছে। ল কোর্সের ফরম পূরণের ফি দ্বিগুণ-তিনগুণ করা হয়েছে। কেন? জাতীয় বিশ্ববিদ্যালয় কি শুধু টাকা আয় ও বাড়ানোর জন্য? এত টাকার প্রয়োজন কেন? শিক্ষা মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা যাবে না। আমিও ট্রিগার টানতে জানি। সব সমস্যার সমাধান করবই।’
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবার প্রথমবারের মতো ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু করেছে। এতে ৫৭ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
-স্বাধীন/এমএ
এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

