এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ করতে কিছুটা সময় বেশি লাগলেও অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা ছিল।
তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো শেষ হয় ৯ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত ফলাফল প্রস্তুতের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের পরীক্ষা নেওয়ার জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
-স্বাধীন/এমএ
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

