একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময়ও বাড়ানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রতিবন্ধী কোটায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি সম্পন্ন করতে হবে।
প্রবাসী কোটায় ভর্তির ক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রত্যয়নপত্র ও পাসপোর্টের প্রমাণক, খেলাধুলা ও সাংস্কৃতিক কোটায় জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের অর্জনের সনদ এবং প্রতিবন্ধী কোটায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সনদের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ কোটায় মনোনীত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে। বিশেষ কোটার তালিকা ও সংশ্লিষ্ট নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
দ্বিতীয় ধাপে আবেদন ১ অক্টোবর পর্যন্ত
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত করা যাবে। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর (সোমবার) রাত ৮টায়।
নির্বাচিত শিক্ষার্থীদের ৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর (শুক্রবার) রাত ৮টায়। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
কারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে
নতুন সূচি অনুযায়ী, যারা এখনো আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।
এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে না পারা, নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবে।
দ্বিতীয় ধাপে আবেদনের সময় শিক্ষার্থীদের কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা পরিবর্তন করতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দ্বিতীয় ধাপে কোটায় আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজ নিজ কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে নির্বাচিত কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
-স্বাধীন/এস
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত

