জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও অন্তর্ভুক্ত হচ্ছে রোভার স্কাউটিং কোর্স

প্রকাশঃ Aug 22, 2026 - 18:44
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও অন্তর্ভুক্ত হচ্ছে রোভার স্কাউটিং কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে আবারও রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংকে যুক্ত করে কোর্সটি আধুনিক ও বিশ্বমানের করার পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক ও সামাজিক-সাংস্কৃতিক শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সটি নতুনভাবে সাজানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি হবে।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এ বিষয়ে একটি কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৈতিক শিক্ষা ও স্কাউটিংকে একীভূত করে কোর্সের কাঠামো এবং ক্রেডিট নির্ধারণ নিয়েও কাজ করা হবে।

স্কাউটিংকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দেন উপাচার্য। তিনি জানান, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে’ স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে স্কাউটিং কার্যক্রম আরও দৃশ্যমান করতে ‘ভিজিবল স্কাউটিং’ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

আগামী ডিসেম্বরে স্কাউটের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, অনুষ্ঠানটি সফল করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মুট, অ্যাডভেঞ্চার ক্যাম্পসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত ও পরিকল্পিতভাবে আয়োজনের পরামর্শ দেন তিনি।

স্কাউটিংয়ের সঙ্গে ভাষা শিক্ষার সমন্বয়ের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপাচার্য। থার্ড ল্যাংগুয়েজ শিক্ষার সঙ্গে স্কাউটিংকে কীভাবে যুক্ত করা যায়, তা নিয়ে কাজ করার কথা বলেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রমেও একজন রোভার স্কাউটকে যুক্ত করার নির্দেশনা দেন।

আনন্দময়, সৃজনশীল ও জীবনমুখী শিক্ষার অংশ হিসেবে স্কাউটিংকে আরও কার্যকর করতে প্রতিবছর ‘হ্যাপি লার্নিং ডে’ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

পরিবেশ সংরক্ষণে স্কাউটদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘আমরা ২ কোটি গাছ লাগাবো। এই কর্মসূচিতে স্কাউটদের সম্পৃক্ত করতে চাই।’ শুধু বৃক্ষরোপণ নয়, গাছের পরিচর্যা ও সংরক্ষণেও স্কাউটদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি খাত ও সমাজের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপাচার্য। তার মতে, সবকিছুর জন্য সরকারের দিকে তাকিয়ে না থেকে সমাজহিতৈষী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। স্কাউটিংয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় রোভার স্কাউটদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরও বেশি যুক্ত করার বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি অধ্যাপক মোহা. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম সেলিম চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল আলম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খানসহ নির্বাহী কমিটির ৩৪ সদস্য।

-স্বাধীন/ এমএ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও অন্তর্ভুক্ত হচ্ছে রোভার স্কাউটিং কোর্স
লোগো
Aug 22, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও অন্তর্ভুক্ত হচ্ছে রোভার স্কাউটিং কোর্স

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta