মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

প্রকাশঃ Sep 30, 2026 - 22:12
মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে নিজের নাম না থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহেল রানা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি গেজেটের তথ্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের গেজেট আর্কাইভেও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ১১ নভেম্বর ২০২৫ ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। সেখানে সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনীত করা হয়।

চূড়ান্ত ফলের ওই তালিকায় ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম ছিলেন মো. সোহেল রানা। তবে বুধবার প্রকাশিত চূড়ান্ত গেজেটে তাঁর নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন সোহেল রানা। তিনি লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।’

এ বিষয়ে যুগান্তরকে সোহেল রানা বলেন, ইতিহাস বিষয়ে মেধাতালিকায় তাঁর অবস্থান প্রথম ছিল। এরপরও কেন তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা তো নেইই, এমনকি কোনো সাধারণ ডায়েরিও (জিডি) নেই। আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গেও তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

সোহেল রানা বলেন, তাঁর পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কিংবা বিভাগ—কোথাও ছাত্রলীগের কোনো তালিকায় তাঁর নাম দেখানো সম্ভব নয়। এরপরও কেন তাঁর নাম গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তা তাঁর কাছে পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে তিনি নিজেও বিস্মিত।

-স্বাধীন/এমএ

মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা
লোগো
Sep 30, 2026

মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta