মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মাউশির
দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় প্রধান শিক্ষকদের নিজস্ব ডাটাশিট (পিডিএস) হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ সুবিধাসহ সচল মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গত ২৫ আগস্ট উইংয়ের উপ-পরিচালকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি ও লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা চালু রয়েছে।
তবে মাউশির নজরে এসেছে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় নেই। এর ফলে মাঠপর্যায়ে লাইভ মনিটরিং কার্যক্রম পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে।
এ অবস্থায় যেসব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে থাকা বর্তমান মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নতুন মোবাইল নম্বর দিয়ে পিডিএস আপডেট করতে বলা হয়েছে।
মাউশির পক্ষ থেকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের অনুরোধ করা হয়েছে।
-স্বাধীন/এমএ
মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মাউশির

