এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরু ১১ আগস্ট, যেভাবে করবেন আবেদন
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে।
আবেদন করতে প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে।
এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা। দ্বিপত্র বিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। পরবর্তী ধাপে মোট প্রদেয় ফি দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
ফি পরিশোধের বিস্তারিত নিয়ম আবেদন পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে জানা যাবে। ফি পরিশোধের পর পুনরায় আবেদন পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে ফি পরিশোধের পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
-স্বাধীন দিগন্ত/ এমএ
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরু ১১ আগস্ট, যেভাবে করবেন আবেদন

