বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে আসছে নতুন নিয়ম
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠনের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সভাপতি নির্বাচনের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
ইতোমধ্যে কিছু সংশোধন এনে নতুন প্রবিধানমালার খসড়া তৈরি করা হয়েছে। এটি চূড়ান্ত অনুমোদন পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নিয়ম কার্যকর হবে।
খসড়া অনুযায়ী, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি এবং কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তারাও সভাপতি প্রার্থী হতে পারবেন। তবে সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বহাল থাকছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাবিত প্রবিধানমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদনের পর সংশোধনী চূড়ান্ত করা হবে।
যেভাবে হবে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন
প্রস্তাবিত নিয়মে প্রথমে ম্যানেজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্য নির্বাচন হবে। নির্বাচন শেষ হওয়ার সাত দিনের মধ্যে সভাপতির নির্বাচনের জন্য সভা ডাকতে হবে।
সভায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার সভাপতিত্ব করবেন। উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হবেন। তবে সভাপতি নির্বাচনের সভায় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের উপস্থিতি বাধ্যতামূলক থাকবে।
একাধিক প্রার্থী সমানসংখ্যক সর্বোচ্চ ভোট পেলে তাদের মধ্যে লটারির মাধ্যমে সভাপতি নির্বাচনের প্রস্তাব রাখা হয়েছে। কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের বিধানও থাকছে।
স্নাতক ডিগ্রি থাকতে হবে সভাপতির
সভাপতি হওয়ার ক্ষেত্রে ২০২৫ সালের সংশোধিত প্রবিধানমালার শিক্ষাগত যোগ্যতা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক বা কর্মচারী ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না।
একই ব্যক্তি একই ধরনের সর্বোচ্চ দুটি এবং মেয়াদভিত্তিক ধরনের সর্বোচ্চ তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন এমন বিধানও রাখা হয়েছে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়নেও পরিবর্তন
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
২০২৪ সালের প্রবিধানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, শিক্ষাবিদ ও খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাবের সুযোগ ছিল।
পরবর্তী সংশোধিত প্রবিধানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার বিধান আনা হয়। এবার ২০২৬ সালের প্রস্তাবিত প্রবিধানে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে তিনজনের নাম ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠানোর প্রস্তাব করা হয়েছে।
তবে তালিকায় কারও নাম আগে বা পরে থাকার বিষয়টি অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না।
কমছে সভাপতির কিছু ক্ষমতা
প্রস্তাবিত প্রবিধানমালায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির কিছু ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের ক্ষমতা রহিত করার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া একজন সভাপতি একই সময়ে কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারবেন, সেটিও নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
শিক্ষক নিয়োগেও পরিবর্তনের প্রস্তাব
প্রস্তাবিত প্রবিধানমালায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
এতে বলা হয়েছে, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি সরকারের সিদ্ধান্ত ও বিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের পাশাপাশি কর্তৃপক্ষের সুপারিশ করা শিক্ষক নিয়োগ করবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের পদোন্নতিও দেওয়া যাবে।
এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী কর্মচারী নিয়োগ বা পদোন্নতির সুযোগও রাখা হয়েছে।
এ ছাড়া প্রবিধানমালার কয়েকটি জায়গায় ‘শিক্ষা বোর্ড চেয়ারম্যান’ শব্দের পরিবর্তে নতুন পরিভাষা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।
এখনো চূড়ান্ত হয়নি
রোববারের সভায় অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রস্তাবিত প্রবিধানমালা নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আরও আলোচনা হতে পারে। এরপর শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে এটি চূড়ান্ত করা হবে এবং পরে নীতিমালা আকারে জারি করা হবে।
তিনি বলেন, ‘এটি এখনই চূড়ান্ত হয়েছে এমনটি বলা যাবে না। আলোচনার মাধ্যমে আরও সংশোধনী আনা হতে পারে।’
-স্বাধীন/এমএ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে আসছে নতুন নিয়ম

