খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

প্রকাশঃ Sep 12, 2026 - 19:54
খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একাডেমিক শিক্ষার বাইরে তাদের বিভিন্ন দক্ষতা উন্নয়নে সারা বছর খেলাধুলা, সহ-পাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রটি দেশের সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক (মাধ্যমিক) এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, সহ-পাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এসব কার্যক্রম একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে বছরজুড়ে পরিচালনা করতে হবে।

মাউশির পরিপত্রে মোট ৩৫ ধরনের কার্যক্রমের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি ক্রীড়া কার্যক্রম। তালিকায় রয়েছে ফুটবল, ভলিবল, ক্রিকেট, দাবা, টেবিল টেনিস, কাবাডি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলা, সাঁতার, অ্যাথলেটিকস, তায়কোয়ান্দো এবং মার্শাল আর্ট।

সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে রাখা হয়েছে ১৩টি বিষয়। এগুলোর মধ্যে রয়েছে হামদ ও নাত, বাংলা ও ইংরেজি বক্তৃতা ও বিতর্ক, উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা তৈরি, বই পড়া, দৈনিক পত্রিকা পাঠ, সৃজনশীল লেখা, পরিবেশ সংরক্ষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি, মানসিক স্বাস্থ্য সচেতনতা, গণিত অলিম্পিয়াড এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি।

অন্যদিকে সাংস্কৃতিক কার্যক্রমের তালিকায় রয়েছে সঙ্গীত, আবৃত্তি, একক অভিনয়, কুইজ, নৃত্য, গ্রাফিতি অঙ্কন, উৎসব ও ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন।

পরিপত্রে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত একাডেমিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধাজনক সময়ে সারা বছর এসব কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও ক্লাবের কার্যক্রম যথাযথভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির মতে, পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সহ-পাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব কার্যক্রম শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা ও সৃজনশীলতা বিকাশেও সহায়ক হবে।

-স্বাধীন/এমএ

খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
লোগো
Sep 12, 2026

খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta