নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

প্রকাশঃ Sep 27, 2026 - 13:15
নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত প্রার্থীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে সড়কে অবস্থান নেন। এর আগে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনকারীরা।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যারা এখনো নিয়োগপত্র পাননি, দ্রুত তাদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করছেন তারা।

গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। এ পরিস্থিতিতে তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ হাজার ৫০০-এর বেশি প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।

অন্যদিকে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও প্রায় ১৫ শতাধিক প্রার্থীর নিয়োগপত্র ইস্যু না হওয়ার দাবি করেছে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’। নিয়োগ থেকে বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

এর আগে ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

পরে ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে জেলা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

-স্বাধীন/এমএ

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান
লোগো
Sep 27, 2026

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta