আল-কায়েদা নিয়ে জাতিসংঘের বক্তব্য, যা বললেন শামা ওবায়েদ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিষয়টি যাচাই করে দেখা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, আল-কায়েদা সংশ্লিষ্ট এমন বক্তব্যকে বাংলাদেশ সমর্থন করে না। তার দাবি, অতীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারও এ ধরনের প্রচার চালিয়েছে। তিনি এটিকে তৎকালীন সরকারের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেন।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনেও বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কথা বলবেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। গত জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে রোহিঙ্গা ইস্যুকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এই সংকট মোকাবিলায় সরকার সতর্কভাবে এগোচ্ছে। শুধু বিভিন্ন বিষয়ে ঘোষণা দিয়ে প্রতিবাদ জানালেই সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, আগের সরকারের করা কিছু দ্বিপক্ষীয় চুক্তি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করে তুলেছে। শুরুতেই কার্যকর উদ্যোগ নেয়া গেলে পরিস্থিতি এতটা কঠিন পর্যায়ে যেত না বলেও মনে করেন তিনি। দীর্ঘ সময় ধরে সমাধান না হওয়ায় সংকট ক্রমেই বড় হয়েছে।
জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোহিঙ্গা সংক্রান্ত তথ্য নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গেও বাংলাদেশ একমত নয় বলে জানান শামা ওবায়েদ। তবে দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন তিনি।
সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় একাধিক সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তার মতে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীগুলোও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সীমান্ত এলাকায় রোহিঙ্গা ইস্যুতে প্রকাশ্য কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে আরও কিছু কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
এসটিআর
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের বক্তব্য, যা বললেন শামা ওবায়েদ

