মঙ্গলবার নতুন সরকারের প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয়
বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভা আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সভায় সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়।
সরকার গঠনের ২১০ দিন পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সচিব সভার আলোচ্যসূচিতে সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয় রাখা হয়েছে। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়েও আলোচনা হবে।
এ ছাড়া জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয় নিয়ে সিনিয়র সচিব ও সচিবদের পাঠানো প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে।
সভায় বিশেষ গুরুত্ব পাবে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)। এর পাশাপাশি বিবিধ বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
সচিব সভাকে সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।
সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
-স্বাধীন/এমএ
মঙ্গলবার নতুন সরকারের প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয়

