জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হবে: ইসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগেই শেষ করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাই একমত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।
নভেম্বর থেকে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে পাওয়া তথ্য ও উপাত্ত কমিশনের সভায় পর্যালোচনা করা হবে। এরপরই নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে দেশের বিভিন্ন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপরই শুরু হবে পবিত্র রমজান। রমজানের পর রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা।
এমন ব্যস্ত সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আয়োজন করা যায়, তা নিয়ে কমিশন কাজ করছে বলে জানান তিনি।
আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বাংলাদেশ ডাক বিভাগ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে চলতি সেপ্টেম্বরেই তফসিল ঘোষণা করে নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা জানিয়েছিল নির্বাচন কমিশন। সে সময় সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাব্য পরিকল্পনাও সামনে আনা হয়েছিল।
তবে বর্তমানে বিভিন্ন পরীক্ষা, রমজান এবং অন্যান্য প্রশাসনিক বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নতুন করে পর্যালোচনা করছে কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন সভায় নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
-স্বাধীন/এমএ
জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হবে: ইসি

