তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখায় উন্মুক্ত প্রস্তাব চাইল বিশেষ কমিটি

প্রকাশঃ Sep 29, 2026 - 20:49
তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখায় উন্মুক্ত প্রস্তাব চাইল বিশেষ কমিটি

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এবং এতে কারা থাকবেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এর গঠনপ্রক্রিয়া ও কাঠামো নিয়ে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন। এ বিষয়ে সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে লিখিত প্রস্তাব ও গঠনমূলক মতামত চাওয়া হচ্ছে। পাওয়া প্রস্তাবগুলোর মধ্যে দেশের জন্য সবচেয়ে উপযোগী বিষয়গুলো বিবেচনা করে জাতীয় সংসদে পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া ও ধাপ নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। জুলাই জাতীয় সনদে এ বিষয়ে কয়েকটি স্পষ্ট প্রস্তাবের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ কোন ধাপে কীভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো হবে, সে বিষয়ে একাধিক বিকল্প এখনো আলোচনার জন্য রাখা হয়েছে।

সংসদ ও সংসদের বাইরে ব্যাপক আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সর্বসম্মত কাঠামো তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গণমাধ্যমের মতামত নিয়েছে বিশেষ কমিটি
বিশেষ কমিটির চতুর্থ বৈঠকে গণমাধ্যমের বিভিন্ন অংশের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। বৈঠকে ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ সংস্থা এবং বার্তা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এর আগে রোববার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। বিস্তারিত আলোচনার সুযোগ দিতে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় দুই ধাপে আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অংশ নেওয়া গণমাধ্যম ব্যক্তিত্বদের কাছ থেকে বেশ কিছু প্রস্তাব পাওয়া গেছে। অন্যদেরও দ্রুত লিখিত মতামত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা শুধু গণমাধ্যমকেন্দ্রিক থাকবে না বলে জানিয়েছেন কমিটির সভাপতি। পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করা হবে।

তিনি বলেন, বিশিষ্ট নাগরিক, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, শিক্ষাবিদ, সাবেক ও বর্তমান বিচারক এবং গত ১৭ বছরে রাজনৈতিক ও সামাজিকভাবে বঞ্চনা কিংবা নিপীড়নের শিকার পরিবারগুলোর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের তরুণ অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের প্রতিনিধিদের কাছ থেকেও সরাসরি মতামত নেওয়া হবে।

সব পক্ষের মতামত নেওয়ার পর দেশের শীর্ষ সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা করে কমিটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে বলে জানান তিনি।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়েও আলোচনা
সংবাদ সম্মেলনে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশের মতো এককেন্দ্রিক রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কতটা প্রয়োজনীয়, তা নিয়ে মতভেদ থাকলেও জুলাই জাতীয় সনদে থাকা ঐকমত্যকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে এগিয়ে যেতে চায় বিশেষ কমিটি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনসভা বা সরকারি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ভিন্ন ও উপযুক্ত সংশোধনী প্রস্তাব এলে সংসদীয় প্রক্রিয়ায় সেটিও বিবেচনা করার সুযোগ থাকবে।

বৈঠকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং বিচারব্যবস্থাকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিরোধী দলসহ সব পক্ষকে আলোচনায় আসার আহ্বান
সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক পক্ষকে বাইরে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ কারণে বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করে সব পক্ষ যাতে সক্রিয়ভাবে সংলাপে অংশ নেয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। একটি পূর্ণাঙ্গ ও অন্তর্ভুক্তিমূলক সংশোধন আইন প্রণয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা ‘একক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর বা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না’ এমন নীতিগত প্রস্তাবের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ব্যক্তিকেন্দ্রিক শাসন ঠেকাতে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তবে সংসদে সব রাজনৈতিক পক্ষের পক্ষ থেকে বিকল্প প্রস্তাব এলে তা আলোচনার জন্য উন্মুক্ত থাকবে।

-স্বাধীন/এমএ

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখায় উন্মুক্ত প্রস্তাব চাইল বিশেষ কমিটি
লোগো
Sep 29, 2026

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখায় উন্মুক্ত প্রস্তাব চাইল বিশেষ কমিটি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta