বেনজীর আহমেদের জামিন ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তার জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীরকে ইউএই আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। জামিনের শর্তাবলীর প্রত্যয়িত অনুলিপি সংগ্রহে সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র ইউএই আদালতে জমা দেওয়ার পাশাপাশি তার জামিন বাতিলের আবেদন করতেও সংশ্লিষ্ট ল' ফার্মকে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্টও থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে। এ কারণেই তার জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি জানান, উল্টো রথযাত্রার দিন মতিঝিল এলাকায় একটি মেট্রোরেলের পিলারের নিচে ছাতার ভেতরে রাখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। একই ধরনের আরেকটি বস্তু আশুলিয়াতেও উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা উগ্রবাদী তৎপরতার যেকোনো চেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তা সার্জিও গরের সফর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ব্রিফ করেছে। তিনি আরও দাবি করেন, সার্জিও গর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।
বেনজীর আহমেদের জামিন ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

