ধানমন্ডি ৩২ ভাঙচুর

ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশঃ Aug 20, 2026 - 13:57
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

২০২৫ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটি দায়েরের আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা (৪৪)। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণের পর নথিপত্র পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

মামলার আবেদনে আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আক্তার হোসেন, সারজিস আলম, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, নুরনবী (অব. কর্নেল), তাহরিমা জান্নাত (সুরভী), মো. মিলন (বুলডোজার সরবরাহকারী), ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদ।

আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০২৫ সালের ৫ আগস্ট ১ থেকে ৯ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় অন্য আসামিরা এবং অজ্ঞাতনামা ৩ হাজার থেকে ৫ হাজার ব্যক্তি বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালান। অভিযোগ অনুযায়ী, তারা লাঠিসোটা, হাতুড়ি ও দাহ্য পদার্থসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেন। এতে ঐতিহাসিক দলিল, মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন, প্রামাণ্যচিত্র, বইসহ মূল্যবান সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে দুটি বুলডোজার, এক্সকাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে রাতভর ভবনটি ভাঙার কাজ চলে। পরদিন ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে মামলার আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মামলার ১১ নম্বর আসামি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘আজ রাত বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ এরপর রাত ৯টার পর মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে ভবনটি ধ্বংস করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫, ৪২৭, ৪৩৫, ৪৩৮, ৪৪৮, ৪২০, ৫০৬ ও ৫০৭ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নেওয়ার আবেদন করেছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

স্বাধীন/ এমএ

ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
লোগো
Aug 20, 2026

ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta