ভাইরাল অডিওকাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, ৫ দিনের রিমান্ডে ওসি রাকিবুল
ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
রাত ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়। আদালতের একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছে, মামলায় তার বিরুদ্ধে ২৪-এর ‘ক’ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে এর আগে রাকিবুলকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। ওই অডিওতে সরকার, পুলিশ ও বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।
তবে রাকিবুল হাসানের দাবি, ছড়িয়ে পড়া অডিওটি তার নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন।
-স্বাধীন/এমএ
ভাইরাল অডিওকাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, ৫ দিনের রিমান্ডে ওসি রাকিবুল

