বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড, চার জনের যাবজ্জীবন

প্রকাশঃ Sep 21, 2026 - 16:36
বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড, চার জনের যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া সঞ্জিত ঘোষ নামে এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সদর উপজেলার কাগমারা এলাকার আফজাল ফকিরের ছেলে মো. আজাদ এবং শ্রীফলিয়াটা গ্রামের মো. সহিদ মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩১)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন সদর উপজেলার কাঠুয়া যোগনী গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. সুজন, শ্রীফলিয়াটার মো. রওশন আলীর ছেলে মো. সানোয়ার হোসেন, কাগমারা এলাকার নুরুল ইসলাম নিলু বাবুর ছেলে মো. শফিকুল ইসলাম শফিক এবং ছিটকীবাড়ী গ্রামের মো. নুর বক্সের ছেলে রুজবেল ইমন।

আদালতের পিপি মো. সাইদুল রহমান স্বপন জানান, রফিকুল ইসলাম ফারুক টাঙ্গাইল শহরের আকুরটাকুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে তিনি হাঁটতে বের হন। আকুরটাকুর পাড়া বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ। তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী লাভলু মিয়া।

পরে আদালতের নির্দেশে মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল টাঙ্গাইল সিআইডির পরিদর্শক রফিক উদ্দিন আহম্মেদ পুনরায় অভিযোগপত্র দাখিল করেন।

দ্বিতীয় অভিযোগপত্রেও আগের আট আসামির বিরুদ্ধেই অভিযোগ আনা হয়। পরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

মামলায় সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

-স্বাধীন/এমএ

বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড, চার জনের যাবজ্জীবন
লোগো
Sep 21, 2026

বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড, চার জনের যাবজ্জীবন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta