এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম-পরিচালক বদরুল আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার।
বদরুল আহমেদের বিষয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্ত চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে।
অন্যদিকে, এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আবেদনে আরও বলা হয়, এম এস কে শাহীনও দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে।
-স্বাধীন/এমএ
এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

