এক দিনের রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী

প্রকাশঃ Sep 22, 2026 - 17:58
এক দিনের রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় এক দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে মাকছুদা ইসলামকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।

আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এক দিনের রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

আবেদনে বলা হয়, ‘আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক ভূমিকা পালন করবে।’

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মাকছুদাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় ওই রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা থেকে নজরুল ইসলাম ও মাকছুদাকে আদালতে হাজির করা হয়। সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী এস এম মাসুম বিল্লাহ পেশায় মুদি দোকানদার। তার ১৯ বছর বয়সী মেয়ে মরিয়মের সঙ্গে গত জুন মাসে গাজী নজরুল ইসলামের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর মরিয়ম স্বামী গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদার সঙ্গে শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের একটি বাসায় বসবাস করতেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় নজরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও সতীন বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো তিনি বিভিন্ন সময়ে মুঠোফোনে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়।

গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে নজরুল ইসলাম বাদীকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। পরে তিনি সেখানে গিয়ে একটি কক্ষে মরিয়মকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে শেরেবাংলা নগর থানা পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তারা।

-স্বাধীন/এমএ

এক দিনের রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী
লোগো
Sep 22, 2026

এক দিনের রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta