৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের ৬৪ জেলায় দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য। তাদের পক্ষে রবিবার (৩০ আগস্ট) রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সরকারের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদীয় হুইপদের দেওয়া হয়।
রিট আবেদনকারী সংসদ সদস্যরা হলেন—নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন এবং মো. জহিরুল ইসলাম। এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটের বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ২০০১ সালেও একইভাবে মন্ত্রীদের মধ্যে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তখন হাইকোর্টে রিট করা হয়। ওই মামলায় হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
শিশির মনিরের দাবি, বাংলাদেশের সংবিধান এবং উচ্চ আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে বর্তমান দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই। তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্বের বাইরে এবং বেআইনি।
-স্বাধীন/এমএ
৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

