নিউ গিনি প্রোপার্টিজে হামলা: ৩ আসামির তিন দিনের রিমান্ড
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মিজানুর রহমান, শাহরিয়া মাহমুদ ও মো. শাহ আলম ওরফে অনিক।
এদিন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমিন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতপরিচয় আসামিদের পরিচয় শনাক্ত, অবৈধ অস্ত্র ও চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাঁদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার একই মামলায় গ্রেপ্তার মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)-কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে পূর্বশত্রুতার জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা ও লাঠিসোঁটা নিয়ে প্রকল্পে প্রবেশ করেন। সেখানে প্রায় ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি এবং প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ ও নিরাপত্তাকর্মীদের মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা প্রকল্পের মেইন গেট, থাইগ্লাস ও অন্যান্য স্থাপনা ভাঙচুর করেন। অফিসের কম্পিউটার, মনিটর, ফ্রিজ, টেলিভিশন ও আলমারিসহ বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করা হয়।
মামলায় নগদ ২৫ লাখ টাকা, বিভিন্ন আকারের প্রায় ২০০ ফুট তার, ২৩ টন রড এবং একটি স্কুটার চুরির অভিযোগ করা হয়েছে। এসব ঘটনায় প্রকল্পের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া প্রকল্পের ৫ হাজার বর্গফুটের একটি ফ্লোরে থাকা সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস স্টুডিও’-তে অনধিকার প্রবেশ করে টেলিভিশন, এসি, ফার্নিচারসহ বিভিন্ন শুটিং ও প্রযুক্তিগত সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
যাদের আসামি করা হয়েছে
২৭ সেপ্টেম্বর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন শাহরিয়া মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ সাহিনুজ্জামান, মো. মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, মিজানুর রহমান, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।
মামলার অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।
-স্বাধীন/এস
নিউ গিনি প্রোপার্টিজে হামলা: ৩ আসামির তিন দিনের রিমান্ড

