তথ্য এড়িয়ে যাওয়ার অভিযোগ

গাজী নজরুলের ফের সাত দিনের রিমান্ড চায় ডিবি

প্রকাশঃ Sep 24, 2026 - 16:50
গাজী নজরুলের ফের সাত দিনের রিমান্ড চায় ডিবি

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় চার দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের (গাজী নজরুল) বিরুদ্ধে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদে তিনি মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন নতুন করে এ রিমান্ড আবেদন করেন।

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জি এম নজরুল ইসলামকে মামলার বিষয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, নিহত মরিয়মের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে। পারিবারিক ও দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলেও তদন্তে ধারণা করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা মামলাটিকে অত্যন্ত চাঞ্চল্যকর উল্লেখ করে বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে জি এম নজরুল ইসলামের আরও সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় ফ্ল্যাটের ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে পুলিশ। সেখান থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় কক্ষের ভেতর থেকে কয়েকটি চিরকুটও পাওয়া যায়।

ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর রাতেই জি এম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

-স্বাধীন/এমএ

গাজী নজরুলের ফের সাত দিনের রিমান্ড চায় ডিবি
লোগো
Sep 24, 2026

গাজী নজরুলের ফের সাত দিনের রিমান্ড চায় ডিবি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta