ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রকাশঃ Sep 29, 2026 - 15:00
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং বাংলাদেশি ইলিশ ভারতে নিয়ে পুনঃরপ্তানির অভিযোগের প্রেক্ষাপটে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ফলে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য মাছটি কেনা কঠিন হয়ে পড়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা এবং ভোক্তাদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে নোটিশদাতার দাবি।

নোটিশে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশ থেকে কম দামে ইলিশ আমদানির পর ভারতের কিছু আমদানিকারক তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন বাজারে বেশি দামে পুনঃরপ্তানি করে বিপুল মুনাফা করছে।

আইনজীবীর দাবি, এভাবে ইলিশ পুনঃরপ্তানি করা হলে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে পারে। একই সঙ্গে দেশের জাতীয় সম্পদ হিসেবে ইলিশের যথাযথ মূল্যও পাওয়া নাও যেতে পারে।

নোটিশে সংবিধানের ২১ (১) অনুচ্ছেদের উল্লেখ করে মো. মাহমুদুল হাসান মামুন বলেন, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সরকার এখনো ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়নি। তবে ভবিষ্যতে সাধারণ ভোক্তাদের স্বার্থ বিবেচনায় রাখার জন্য আগাম এই আইনি নোটিশ দেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রয়োজন হলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ইলিশ রপ্তানি না করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে আন্তর্জাতিক মূল্যে সরাসরি রপ্তানির জন্য স্বচ্ছ ও কার্যকর নীতিমালা গ্রহণ করা যেতে পারে।

এতে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ, নির্বাহী অনুমোদন বা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দেশের বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার উদ্যোগ এবং মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

-স্বাধীন/এমএ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ
লোগো
Sep 29, 2026

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta