১ হাজার টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ
১ হাজার টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। দেশের অর্থনীতিকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা, কালো টাকা ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রিজার্ভের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে এ নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অর্থনীতিতে অতিরিক্ত অর্থ সরবরাহ করছে। নোটিশদাতার দাবি, স্বর্ণ, রৌপ্য অথবা নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিপরীতে নতুন টাকা ছাপানোর ব্যবস্থা থাকা প্রয়োজন।
এতে আরও বলা হয়, অর্থের সরবরাহ বাড়তে থাকলে ‘কোয়ান্টিটি থিওরি অব মানি’ অনুযায়ী মুদ্রার ক্রয়ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপও তৈরি হয়। এতে সবচেয়ে বেশি চাপে পড়েন সাধারণ, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
আইনি নোটিশে সংবিধানের ৩২ অনুচ্ছেদের ‘Right to Life’-এর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, জীবনধারণের অধিকার শুধু বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগও এর অন্তর্ভুক্ত।
এছাড়া ১০০০ টাকার নোটের ব্যবহার নিয়েও আপত্তি জানানো হয়েছে। নোটিশে দাবি করা হয়, সাধারণ মানুষ, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনে এ ধরনের উচ্চমূল্যের নোটের প্রয়োজন তুলনামূলকভাবে কম। একই সঙ্গে এ ধরনের নোটের মাধ্যমে অবৈধ অর্থ সংরক্ষণ ও ব্যাংকিং ব্যবস্থার বাইরে লেনদেনের সুযোগ তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
নোটিশে ভারতের ২০০০ টাকার নোট বাতিলের উদাহরণ তুলে ধরা হয়েছে। কালো টাকা ও অবৈধ অর্থের বিস্তার রোধ এবং লেনদেনে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশেও ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানানো হয়েছে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
-স্বাধীন/এমএ
১ হাজার টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

