সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংশোধিত বিধানের ভিত্তিতেই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিরোধী দলের একজন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা উচিত।
সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়টি সরকারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই বিধান নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক রয়েছে। সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেও অনুচ্ছেদটি নতুন করে আলোচনায় এসেছে।
সম্ভাব্য সংশোধনের ফলে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ক্ষেত্রে আরও স্বাধীনতা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
-স্বাধীন/ এমএ
সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

