জাতিসংঘে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে গুরুত্বারোপ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর
মুহিদুল ইসলাম : জাতিসংঘে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার (New Urban Agenda) মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল এবং টেকসই নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ নগরায়ণকে শুধু অবকাঠামোগত উন্নয়নের বিষয় হিসেবে নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এসব উদ্যোগ জাতিসংঘের নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, ভবিষ্যতমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে আহম্মদ সোহেল মনজুর বলেন, টেকসই নগরায়ণের লক্ষ্য অর্জনে বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষাংশে প্রতিমন্ত্রী বলেন, “টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ এবং কোনো অঞ্চল উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে থাকবে না।” জাতিসংঘের এ উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ দেশের টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগরায়ণ বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে সরকারের অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে।
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে গুরুত্বারোপ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর

