মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২ নির্দেশনা পুলিশের

প্রকাশঃ Sep 24, 2026 - 13:39
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২ নির্দেশনা পুলিশের

সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মোটরসাইকেলের চালক ও আরোহী—উভয়েরই হেলমেট ব্যবহার করতে হবে। একইভাবে গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট পরার পরামর্শ দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন।

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি লেন পরিবর্তন কিংবা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। এ ছাড়া অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের কথাও বলা হয়েছে।

কুয়াশা, বৃষ্টি কিংবা অন্য কোনো প্রতিকূল আবহাওয়ায় গতি কমিয়ে অতিরিক্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে বলা হয়েছে। যানজট বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য না হারিয়ে শান্ত থেকে গাড়ি চালানোর পরামর্শও দেওয়া হয়েছে।

মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ। মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন ব্যবহার করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় ও হালনাগাদ সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে।

নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে চলাচলের সময় এসব নির্দেশনা মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

-স্বাধীন/এমএ

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২ নির্দেশনা পুলিশের
লোগো
Sep 24, 2026

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২ নির্দেশনা পুলিশের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta