সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
নবম জাতীয় বেতনকাঠামোর (পে স্কেল) প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতির ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১৩ শতাংশ হারে মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা।
সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে ১৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফার হার হবে ১২ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি স্থিতির জন্য মুনাফা নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।
এছাড়া অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও একই হারে মুনাফা প্রযোজ্য হবে।
অন্যদিকে, সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান অনুযায়ী কর্মচারীদের মুনাফা দিতে পারবে। তবে এসব ক্ষেত্রে সরকারের নির্ধারিত মুনাফার হারকেই সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে।
এর আগে গত ১ জুলাই থেকে নতুন জাতীয় পে-স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের জন্য ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।
এদিকে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে।
-স্বাধীন/এমএ
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

