জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

প্রকাশঃ Sep 24, 2026 - 21:56
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও এর প্রভাব মোকাবিলায় জাতিসংঘে চার দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এসব প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, সীমিত সক্ষমতা নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের জলবায়ু সহনশীলতা আরও শক্তিশালী করতে সরকার উচ্চাভিলাষী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি সক্রিয় বদ্বীপ। দেশের ওপর দিয়ে শত শত নদী প্রবাহিত হয়ে সাগরে গিয়ে মিশেছে। ফলে দেশের বিপুলসংখ্যক মানুষ পানির কাছাকাছি বসবাস করেন। বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ উপকূলীয় এলাকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ৪ শতাংশ ভূখণ্ড সমুদ্রে বিলীন হতে পারে। এর ফলে প্রায় এক কোটি মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বেন।

তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেই বাংলাদেশ এমন একটি চ্যালেঞ্জপূর্ণ ভবিষ্যৎ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করা হয়েছে এবং ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ সময় প্রধানমন্ত্রী ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগের কথা তুলে ধরেন। পানি সংরক্ষণের লক্ষ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্প আধুনিকায়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। এছাড়া দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ গ্রিন গ্রোথ বা সবুজ প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশের মোট জ্বালানি ব্যবহারে অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ, সবুজ শিল্পায়ন ও পরিবেশবান্ধব যানবাহনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও সংকটাপন্ন ইকোসিস্টেম সংরক্ষণেও কাজ করছে বাংলাদেশ।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও এর কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী চারটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—

  • দ্রুত ও ন্যায়সংগতভাবে কার্বন নিঃসরণ কমানো।
  • জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা।
  • ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু প্রযুক্তি ও আগাম সতর্কতা ব্যবস্থায় সহজলভ্যতা নিশ্চিত করা।
  • জলবায়ু উদ্বাস্তুদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া।

বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই।

-স্বাধীন/এমএ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব
লোগো
Sep 24, 2026

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta